গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।
এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

