ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে আগুন জ্বালিয়ে ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের হামলা ও ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা নামে কৃষকদলের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় বিএনপির কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্যা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আকতার মোল্যার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন আওয়ামী লীগের সমর্থকেরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। এ সময় বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে। এতে বিস্ফোরণে রাজু মোল্যা গুরুতর আহত হন। পাশাপাশি তাদের চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে আহত রাজুকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপির ওই মোটরসাইকেল বহরে থাকা একাধিক নেতাকর্মীর দাবি, তারা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এ সময় গুলিবর্ষণের পাশাপাশি একাধিক ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল বিস্ফোরণেই রাজু মোল্যার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, হামলায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

