ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বরসংলগ্ন এলাকায় বিস্ফোরণ দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের একটি ঘটে সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আহত দুজনের মধ্যে একজনের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে বিস্ফোরণ দুটি কারা ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর। গাড়িতে থাকা অবস্থায় তার মাথায় আঘাত লেগেছে।

