সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুন আপডেট দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের কারণে পাসপোর্ট প্রদানে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তথ্যটি জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ই-পাসপোর্টের ব্যাপক চাহিদার কারণে আগে যেখানে প্রতিমাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোল করা হতো, সেখানে দূতাবাসের আন্তরিক প্রচেষ্টায় গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক নেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, এরই মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে, ২৫ হাজার ৪৬৭টি প্রিন্টিং অবস্থায় আছে এবং ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ পরবর্তী কার্যক্রম চলমান। বর্তমানে দাম্মাম অঞ্চলে ৯ দিনব্যাপী ক্যাম্পে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ চলছে।

দূতাবাসের ওই পোস্টে বলা হয়, ফিঙ্গারপ্রিন্ট পরবর্তী কার্যক্রম পরিচালনাকালে অনেক সেবাপ্রার্থীর আবেদনে তথ্যগত ভুল, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের তথ্যে অসংগতি, একাধিক পাসপোর্ট সংক্রান্ত জটিলতা ইত্যাদি কারণে তথ্য যাচাই/প্রসেসিং কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট দিতে কিছুটা বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে সম্মানিত প্রবাসীদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাসপোর্ট সেবা দ্রুততর ও সহজ করার জন্য দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version