বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিসে (ওএসএস) নতুন করে যুক্ত হয়েছে পাঁচটি ব্যাংকের ১০টি সেবা। এর ফলে বিডার এই সেবার আওতায় থাকা ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭টিতে। এখন থেকে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে হিসাব খোলা সহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে নতুন পাঁচটি ব্যাংক এই সেবার সঙ্গে যুক্ত হয়।
নতুন যুক্ত হওয়া ব্যাংকগুলো হলো এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবি, সীমান্ত ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক।
নতুন এসব সেবা যুক্ত হওয়ার ফলে বর্তমানে বিডার ওয়ান স্টপ সার্ভিসে ৬৭টি প্রতিষ্ঠানের মোট ১৫২টি সেবা অন্তর্ভুক্ত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য শাহরুল হুদা বলেন, ওএসএস চালুর সময় ১৫০টি সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও খুব শিগগিরই সেবার সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। একই সঙ্গে পর্যায়ক্রমে এ সেবা আরও বেশি মানুষের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে বিডাসহ বিনিয়োগ-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সেবা ‘বাংলা বিজ সেবা’ প্ল্যাটফর্মের আওতায় এনে এক ছাতার নিচে পরিচালনা করা হবে।



