যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, শিক্ষার্থী ভিসার শর্ত লঙ্ঘন করলে শুধু বর্তমান ভিসাই বাতিল হতে পারে না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পথও কঠিন হয়ে যেতে পারে।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করছেন, তাদের অবশ্যই নির্ধারিত একাডেমিক ও অভিবাসনসংক্রান্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষা কার্যক্রম থেকে সরে যাওয়া—এসবই ভিসার শর্ত ভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে।

দূতাবাস আরও উল্লেখ করে, এমন অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য নতুন করে ভিসা আবেদন করলেও তা নাকচ হওয়ার আশঙ্কা থাকে।

এ ধরনের জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় নিজেদের বৈধ শিক্ষার্থী মর্যাদা বজায় রাখা, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলা এবং ভিসার শর্ত সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

Share.
Leave A Reply

Exit mobile version