ঘরের মাটিতে বিশ্বকাপ—স্বপ্ন, প্রত্যাশা আর নতুন নক্ষত্রের উত্থানের গল্প যেন একসাথেই লিখতে যাচ্ছে ইংল্যান্ড। সেই গল্পের কেন্দ্রবিন্দুতে এখন এক তরুণ নাম—টিলি কার্টিন-কোলম্যান। মাত্র ১৮ বছর বয়সেই কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই সরাসরি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়ে তিনি হয়ে উঠেছেন ইংল্যান্ড স্কোয়াডের সবচেয়ে বড় চমক।
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে গড়া এই স্কোয়াডে নজর কেড়েছেন বাঁহাতি স্পিনার টিলি। ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্সই এনে দিয়েছে এই বড় মঞ্চে খেলার সুযোগ।
বর্তমানে কাউন্টি ক্রিকেটে সারে এবং দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলছেন টিলি। মাত্র ১৬ বছর বয়সেই টানা ৪ বলে ৪ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। সর্বশেষ মৌসুমে দ্য হান্ড্রেডে ৬.৮৬ ইকোনমিতে ১৭ উইকেট শিকার করে নির্বাচকদের দৃষ্টি কাড়েন এই তরুণ স্পিনার। অভিজ্ঞ সোফি একলেস্টোন-এর সঙ্গে ইংল্যান্ডের স্পিন আক্রমণে তিনি বড় শক্তি হয়ে উঠবেন বলেই প্রত্যাশা।
দলের নেতৃত্বে থাকছেন ন্যাট সিভার-ব্রান্ট, আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চার্লি ডিন। স্কোয়াডে ফিরেছেন পেসার ইস ইয়ং ও লরেন ফিলার। অন্যদিকে অভিজ্ঞ ড্যানি হোয়াইট-হজ তার অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। তবে আঙুলের চোটের কারণে ছিটকে গেছেন তারকা স্পিনার সারা গ্লেন।
আগামী ১২ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে স্বাগতিক হিসেবে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), চার্লি ডিন (সহ-অধিনায়ক), অ্যামি জোন্স (উইকেটরক্ষক), হেদার নাইট, সোফিয়া ডাঙ্কলি, ড্যানি হোয়াইট-হজ, অ্যালিস ক্যাপসি, ফ্রেয়া কেম্প, ড্যানিয়েল গিবসন, লিনসে স্মিথ, সোফি একলেস্টোন, লরেন বেল, লরেন ফিলার, ইস ইয়ং এবং টিলি কার্টিন-কোলম্যান।



