ব্যাংকিং, বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ওষুধ, পানীয় ও সিগারেটসহ ১১টি নির্দিষ্ট খাতের প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নতুন নির্দেশনার আওতায় থাকা খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ।
আদেশে বলা হয়েছে, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান এসব পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসায় জড়িত থাকলেও তাদের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম প্রযোজ্য হবে।
এ ছাড়া অনলাইনে দাখিলপত্র পেশসংক্রান্ত অতীতে এনবিআরের জারি করা নির্দেশনাগুলো এ আদেশের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে। তবে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ তালিকায় নতুন কোনো খাত যুক্ত বা বিদ্যমান কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতা এনবিআরের থাকবে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নির্ধারিত খাতের ব্যবসায়ীদের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।

