মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। ৫৭ বছর বয়সে গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্বজুড়ে প্রশংসিত সিনেমা দ্য ক্রিমসন রিভার্স-এ অভিনয়ের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি পান।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্যারিসের একটি সুইমিং পুলে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় নাদিয়াকে। এরপর থেকেই তিনি কোমায় ছিলেন। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান।
এক যৌথ বিবৃতিতে শোক জানিয়ে তারা বলেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই শুক্রবার নাদিয়া ফারেস আমাদের ছেড়ে চলে গেছেন। ফ্রান্স হারাল এক অসাধারণ শিল্পীকে, আর আমরা হারালাম আমাদের মাকে।”
১৯৯২ সালে মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নাদিয়ার। তবে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ থ্রিলার দ্য ক্রিমসন রিভার্স-এ জঁ রেনো ও ভিনসেন্ট ক্যাসেল-এর সঙ্গে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন ম্যাথিউ ক্যাসোভিটস।



