ঝলমলে আলোর মঞ্চ, চারপাশে তারকাদের ভিড়—তবু সবার দৃষ্টি যেন আটকে ছিল একজনের দিকেই। সাদা রঙের আভিজাত্যপূর্ণ গাউনে অনন্য এক উপস্থিতি নিয়ে ‘লাক্স সুপারস্টার’ গালা নাইটে হাজির হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার সেই রূপ আর আত্মবিশ্বাসী উপস্থিতি মুহূর্তেই মুগ্ধ করেছে ভক্তদের।
গত শুক্রবার অনুষ্ঠিত হয় ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মেহজাবীন। তবে বিচারকের আসনে বসার বাইরেও তার গ্ল্যামারাস উপস্থিতিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
অনুষ্ঠান শেষে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে দেখা যায়, অফ-শোল্ডার ডিজাইনের সাদা একটি লং গাউন পরেছেন তিনি। গাউনজুড়ে ছিল সূক্ষ্ম ও নান্দনিক কারুকাজ, যা তার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
পোশাকের সঙ্গে হাতে ছিল রুপালি রঙের ছোট্ট একটি ব্যাগ। পাশাপাশি মানানসই গয়না, মার্জিত মেকআপ এবং পরিপাটি হেয়ারস্টাইলে মেহজাবীনকে দেখা গেছে একেবারে রাজকীয় আবহে।
ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লাক্স গালার জন্য প্রস্তুত হওয়াটা মূল অনুষ্ঠানের মতোই রোমাঞ্চকর ছিল। সেই প্রতীক্ষা, শক্তি আর অনুভূতি—সবকিছু মিলিয়ে রাতটা ছিল অসাধারণ।’
মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিগুলো। পোস্টের নিচে ভক্তরা তার সাজ, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের প্রশংসায় ভাসান। অনেকেই মন্তব্য করেন, সময়ের সঙ্গে সঙ্গে মেহজাবীন যেন আরও বেশি পরিণত ও মোহময়ী হয়ে উঠছেন।
এই আয়োজনটি মেহজাবীনের জন্য ছিল বিশেষ আবেগেরও। কারণ, আজ থেকে ১৬ বছর আগে ঠিক এই ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মঞ্চেই নিজের যাত্রা শুরু করেছিলেন তিনি। ২০০৯ সালে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মাথায় তুলেছিলেন ‘লাক্স সুপারস্টার’-এর মুকুট। আর এবার, সেই একই মঞ্চে তিনি ফিরলেন বিচারক হিসেবে।
দীর্ঘ সাত বছর পর আয়োজিত এবারের ‘লাক্স সুপারস্টার’ আসরে উপস্থিত হয়ে নিজের শুরুর দিনের স্মৃতিও ভাগ করে নেন অভিনেত্রী। অনুষ্ঠানে ছিল তার বিশেষ পারফরম্যান্স। পাশাপাশি বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি।
ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা ও ওটিটি—সব জায়গাতেই এখন সমান দাপট মেহজাবীনের। অভিনয়, ব্যক্তিত্ব আর নিজস্ব স্টাইল—সব মিলিয়ে দেশের শোবিজ অঙ্গনে তিনি এখন এক অনন্য উচ্চতায়।
সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এও দেখা গেছে তাকে। সেখানে প্রীতম হাসানের বিপরীতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নতুন কাজ, নতুন লুক আর নিজস্ব উপস্থিতি দিয়ে মেহজাবীন যেন বারবারই প্রমাণ করছেন—তিনি শুধুই একজন অভিনেত্রী নন, বরং সময়ের সবচেয়ে আলোচিত তারকাদের একজন।


