বলিউডের গ্ল্যামার আর রাজনীতির বাস্তবতার মিশেলে গড়া এক ব্যতিক্রমী প্রেমের গল্প—পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। তাদের সম্পর্কের পথচলা যেন রূপকথার মতোই মসৃণ। তবে এবার অভিনেত্রীর এক ‘মজার’ মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও আলোচনা।

সম্প্রতি মা হওয়া পরিণীতি এই মুহূর্তে স্বামী রাঘবের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সমুদ্রের নোনা জল আর ব্যাংককের চায়না টাউনের ব্যস্ততায় কাটানো নানা মুহূর্ত তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।

বিয়ের পর থেকেই দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে ব্যস্ত যাতায়াতে অভ্যস্ত ছিলেন এই অভিনেত্রী। তবে মাতৃত্বের নতুন অধ্যায়ে আপাতত স্থায়ীভাবে দিল্লিতেই থিতু হয়েছেন তিনি।

এরই মাঝে হঠাৎ ইনস্টাগ্রামে এক পোস্টে পরিণীতি লেখেন, “কখনও কখনও সহ-অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে!”—আর এতেই শুরু হয় জল্পনা। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি নতুন কোনো প্রেমের ইঙ্গিত দিচ্ছেন তিনি?

তবে রহস্য বেশিক্ষণ টেকেনি। খেয়াল করলেই দেখা যায়, যে ভ্যানিটি ভ্যানের ছবি তিনি শেয়ার করেছেন, তার বাইরেই বড় করে লেখা স্বামী রাঘব চড্ডার নাম। অর্থাৎ, পুরো বিষয়টাই ছিল স্বামীর সঙ্গে মজার এক খুনসুটি।

ইতোমধ্যেই নিজের পডকাস্টে একাধিকবার রাঘবের সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি। ফলে অনেকেই ভাবছেন, বাস্তব জীবনের এই জনপ্রিয় জুটি কি এবার রূপালি পর্দাতেও একসঙ্গে হাজির হবেন?

যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি অভিনেত্রী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই রাঘবকে নিজের ‘হিরো’ বলে উল্লেখ করেন তিনি। ভক্তদের ধারণা, ‘সহ-অভিনেতা’ প্রসঙ্গের আড়ালে আসলে স্বামীর প্রতিই ভালোবাসার নতুন প্রকাশ ঘটালেন পরিণীতি।

Share.
Leave A Reply

Exit mobile version