সময় বদলেছে, বদলেছে চলচ্চিত্রের ধারা। তবে কিছু তারকা আছেন, যাদের আবেদন কখনও পুরোনো হয় না। ঢালিউডের তেমনই এক উজ্জ্বল নাম দিলারা হানিফ পূর্ণিমা। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত নিজের সৌন্দর্য, ব্যক্তিত্ব আর অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা ধরে রেখেছেন তিনি। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত উপস্থিতি দিয়ে ভক্তদের মুগ্ধ করেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সম্প্রতি নতুন এক ফটোশুটের ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন পূর্ণিমা। শেয়ার করা ছবিগুলোতে তাকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের দৃষ্টিনন্দন পোশাকে। পুরো পোশাকজুড়ে ছিল সোনালি নকশার সূক্ষ্ম কারুকাজ, যা তার লুকে যোগ করেছে রাজকীয় আবহ।
খোলা চুল, হালকা গ্ল্যাম মেকআপ আর মানানসই বড় দুলে পূর্ণিমাকে লাগছিল অনন্য। একেকটি ছবিতে একেক ধরনের অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। কোথাও মায়াবী হাসি, কোথাও বা গভীর দৃষ্টিতে ক্যামেরার বাইরে তাকিয়ে থাকা—সব মিলিয়ে তার স্টাইল আর উপস্থাপনা সহজেই নজর কাড়ে ভক্তদের।
ছবিগুলোর ব্যাকড্রপেও ছিল আলাদা নান্দনিকতা। সবুজ পোশাকের সঙ্গে সোনালি সাজসজ্জা ও লাল আলোর ব্যবহার পুরো ফটোশুটে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। আর সেই ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।
মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের ভালোবাসাও ছিল চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘সময় যত যাচ্ছে, পূর্ণিমা যেন আরও বেশি সুন্দর হচ্ছেন।’ আবার কেউ তাকে আখ্যা দিয়েছেন ‘বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা’ হিসেবে।
প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমায় অভিনয়ের সময় তিনি ছিলেন নবম শ্রেণির ছাত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি নিজের সৌন্দর্য ও পর্দা উপস্থিতির কারণে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’সহ বেশ কয়েকটি সিনেমায় ভিন্নধর্মী উপস্থিতির মাধ্যমে তিনি দ্রুতই হয়ে ওঠেন দর্শকপ্রিয় মুখ।


