নিউজিল্যান্ড সিরিজ শেষে নতুন লক্ষ্য সামনে রেখে এগোচ্ছেন জাতীয় দলের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি নিজেকে আরও শানিত করতে এখন তার চোখ ঢাকা প্রিমিয়ার লিগে। আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন—শেখার প্রক্রিয়া থেমে নেই, বরং প্রতিদিনই নিজেকে আরও উন্নত করার চেষ্টা চলছে।
মিরপুরে রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বলেন, ‘শিক্ষার শেষ নেই। সবাই তো শেখে—আপনারাও, আমরাও। প্রতিদিনই আমরা চেষ্টা করি নতুন কিছু শেখার জন্য। আমিও করছি। যেসব জায়গায় উন্নতির সুযোগ আছে, সেগুলো ঠিক করার চেষ্টা করছি।’
ব্যাটিং অর্ডারে পরিবর্তন এলেও সেটিকে বাধা হিসেবে দেখছেন না এই ডানহাতি ব্যাটার। বরং যেকোনো পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তিনি। হৃদয়ের ভাষায়, ‘চাপের কিছু নেই। আপনি যদি চিন্তা করেন, সব জায়গাতেই চাপ থাকে। কিন্তু সেই চাপের ভেতর থেকে আপনি কতটুকু উপভোগ করবেন, দলকে কতটা দিতে পারবেন—এটাই একজন খেলোয়াড়ের আসল চ্যালেঞ্জ। আমি সেই চ্যালেঞ্জটা নিতে চাই।’
ক্রিকেটে দর্শকদের আগ্রহ কমে যাচ্ছে কি না—এমন প্রশ্নেও খোলামেলা উত্তর দিয়েছেন হৃদয়। তার মতে, আগের তুলনায় কিছুটা হলেও কমেছে ক্রিকেটের জনপ্রিয়তা। তিনি বলেন, ‘সবকিছুই আলহামদুলিল্লাহ রিজিকের ওপর। তবে আগে যে ক্রেজটা ছিল, এখন হয়তো কিছুটা কমেছে। এটা আমার ব্যক্তিগত অনুভূতি, ভুলও হতে পারে। তবে যদি কমে থাকে, তার পেছনে আমাদের দায়ও আছে। দল হিসেবে আমরা যদি ভালো করতে না পারি, তাহলে দর্শকদের আগ্রহও কমে যেতে পারে।’
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা হৃদয়ের লক্ষ্য—নিজের পারফরম্যান্স দিয়ে আবারও সমর্থকদের আস্থা ফিরিয়ে আনা।



