প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে কৌশলে ভুলিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের রক্তের ইতিহাস। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ত্যাগ কোনোভাবেই ভোলার নয়। কেউ যদি কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, জাতি তা প্রতিহত করবে।

আজ রোববার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা ও সাহসিকতার বার্তা পৌঁছে দিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধাদের বয়স বৃদ্ধির প্রেক্ষাপটে তরুণদের মাধ্যমেই এই ইতিহাস সংরক্ষণ ও প্রচারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনটি আজ থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। নবগঠিত কমিটির নেতৃত্বে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তৃত করার পরিকল্পনা আছে।

জ্বালানি সংকট বিষয়ে রিজভী বলেন, এটি বাংলাদেশের একক সমস্যা নয়, বরং একটি আন্তর্জাতিক সংকট। তিনি নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করে বলেন, সৌরশক্তির ব্যবহার বাড়াতে সরকারের উচিত এ খাতে কর কমানো এবং যন্ত্রপাতি আমদানিতে সুবিধা দেওয়া।

তিনি ছাদ ভিত্তিক সোলার প্যানেল ব্যবহারে উৎসাহ দিতে কর-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এতে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক নির্ভরতা কমবে।

এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্ট্রি সহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version