চোটে থেমে গেছে মৌসুম, কিন্তু আলো ছড়ানো থামেনি। দুঃসংবাদের মাঝেও নিজের দাপটের স্বীকৃতি পেলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল—জিতে নিলেন এপ্রিল মাসের সেরা ফুটবলারের পুরস্কার।
বুধবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে খেলতে গিয়েই চোট পান ইয়ামাল। পরে জানা যায়, সেই চোট গুরুতর হওয়ায় চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। তবে এই দুঃসময়ের মাঝেই এলো সুখবর—এপ্রিল মাসে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই বার্সেলোনা ফরোয়ার্ড।
এপ্রিল সেরার দৌড়ে ইয়ামাল পেছনে ফেলেছেন ভেদাত মুরিকি, কার্লোস সোলের, লুকাস বোয়ে ও ফেদে ভিনাসকে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা।
চলতি মৌসুমে এটি নিয়ে তৃতীয়বারের মতো মাসসেরা হলেন ইয়ামাল। এর আগে নভেম্বর ও ডিসেম্বরে এই পুরস্কার জিতেছিলেন তিনি। এর মাধ্যমে লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে তিনবার মাসসেরা হওয়ার অনন্য কীর্তি গড়লেন এই কিশোর প্রতিভা।
এপ্রিলে বার্সেলোনা তিনটি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই জয় পেয়েছে। এই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল ইয়ামালের। তার ধারাবাহিক পারফরম্যান্সই এনে দিয়েছে এই স্বীকৃতি।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয়ে গোল না পেলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। এরপর এস্পানিওলের বিপক্ষে এক গোল ও দুই অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক হন তিনি। আর সর্বশেষ সেল্টা ভিগোর বিপক্ষেও জালের দেখা পান এই তরুণ ফরোয়ার্ড।


