ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি শুধু রূপালি পর্দায় নয়, ব্যক্তিজীবনের আবেগঘন মুহূর্ত শেয়ার করেও ভক্তদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। বিশেষ করে উৎসব ঘিরে তার অনুভূতি বরাবরই থাকে একটু ভিন্ন, একটু বেশি আন্তরিক। এবারের পহেলা বৈশাখও তার ব্যতিক্রম নয়—তবে এবার আনন্দের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার সন্তানরা।
এক ফেসবুক পোস্টে নিজের ছোটবেলার মধুর স্মৃতি ভাগ করে নিয়েছেন পরী। যেখানে উঠে এসেছে তার সাদামাটা শৈশব আর মায়ের শাড়ির প্রতি গভীর আবেগের কথা। পরীমণি জানান, ছোটবেলায় তিনি তার মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন।
সেই স্মৃতি মনে করে আবেগাপ্লুত এই নায়িকা বলেন, ‘ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।’
সেই একই ঐতিহ্যের ছোঁয়া এবার তিনি দিতে চাইছেন নিজের সন্তানদের। নিজের শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন তিনি। সন্তানদের সেই পোশাকে দেখার প্রতীক্ষায় বিভোর পরীমণি।
পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।’
সন্তানদের নতুন সাজে দেখার আকুলতা প্রকাশ করে পরী আরও বলেন, ‘তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখবো।’



