জীবন কখনোই একঘেয়ে ছিল না ভারতের দক্ষিণী মেগাস্টার বিজয় দেবরাকোন্ডার জন্য। প্রেমে পড়েছেন, মন ভেঙেছে আর অবশেষে ঘর বেঁধেছেন পছন্দের মানুষের সঙ্গে। জীবনের প্রতিটি বাঁকে থ্রিল বা রোমাঞ্চ খুঁজে পাওয়া এই তারকা সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে বেশ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন।

সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গার প্রযোজনায় নির্মিত ‘রোমাঞ্চকম’ সিনেমার এক প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজয় দেবরাকোন্ডা।

সেখানে সঞ্চালক ও ভক্তদের মুখোমুখি হয়ে তিনি ভাগ করে নেন জীবনের নানা চড়াই-উতরাইয়ের অভিজ্ঞতা। অনুষ্ঠানে চলতি বছরের সবচেয়ে ‘রোমাঞ্চকর’ মুহূর্ত কোনটি জানতে চাওয়া হলে সবাই ভেবেছিলেন সদ্য বিবাহিত স্ত্রী রাশমিকা মান্দানার কথাই বলবেন বিজয়।

কিন্তু ভক্তদের চমকে দিয়ে তেলুগু ভাষায় স্মৃতির ঝাঁপি খুলে এই তারকা বলেন, ‘১৯৮৯ সালে আমার জন্ম, আর তারপর থেকে প্রতিটি বছরই ছিল রোমাঞ্চে ভরা। পকেটে টাকা থাকুক বা না থাকুক, ব্লেন্ডার্স প্রাইড থেকে শুরু করে গ্লেনফেডিস সব ধরনের হুইস্কিই আমি খেয়েছি।’

বিজয় আরও বলেন, ‘তবে এখন অ্যালকোহল একেবারে ছেড়ে দিয়েছি। জীবনে মন ভেঙেছে, প্রেমেও পড়েছি আবার বিয়েও করেছি। যাই ঘটুক না কেন, পথচলাটা দুর্দান্ত ছিল। তোমাদের ভাবি একদম ভালো আছেন। কয়েক দিন আগে শুটিং সেটে সামান্য চোট পেয়েছিলেন, এখন ঘরে বিশ্রাম নিচ্ছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’

Share.
Leave A Reply

Exit mobile version