অনলাইন ব্যবসাগুলোকে আনুষ্ঠানিক করব্যবস্থার আওতায় আনতে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগেরই ব্যাবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই।
এসব প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) নিরীক্ষার আওতায় আনার বিষয়টি খতিয়ে দেখা হবে।
এনবিআরের প্রকাশিত ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গতকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। সেগুলো যাচাই করে দেখা হবে।
তালিকায় বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসা বা এফ-কমার্স প্রতিষ্ঠানও রয়েছে।
এই উদ্যোগের সঙ্গে যুক্ত এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের চিহ্নিত করা বেশির ভাগ প্রতিষ্ঠানেরই ব্যাবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। আনুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনার নিয়ম সম্পর্কেও তারা তেমন কিছু জানে না।’
এই উদ্যোগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অনেক ব্যবসাই এখনো আনুষ্ঠানিক অর্থনীতির বাইরে রয়েছে।
যেমন—কোনো গৃহিণী হয়তো নিজের বাসা থেকেই অনলাইনে ব্যবসা পরিচালনা করছেন।
ওই কর্মকর্তা বলেন, ‘ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার বিষয়ে তাদের সচেতনতা বা আগ্রহ খুবই কম। অনেকের খোঁজখবরও সহজে পাওয়া যায় না। ফলে এসব বিষয় নিয়ে ভাবার সময় বা সুযোগও তাদের হয় না।’
তিনি আরো বলেন, কমিশনারেটগুলো এসব তথ্য যাচাই করবে।
প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগতে পারে। ই-কমার্স ও কুরিয়ার সেবা খাত নিয়ে গবেষণার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে, এ দুই খাত থেকে রাজস্ব আদায়ের বড় সম্ভাবনা রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, প্রতিটি অনলাইন ব্যবসার লেনদেনের পরিমাণ কম হতে পারে। কিন্তু সব প্রতিষ্ঠানের লেনদেন একসঙ্গে হিসাব করলে তা অনেক বড় হবে। তিনি বলেন, ‘এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে তাদের আর্থিক লেনদেন ও ব্যাবসায়িক কার্যক্রমের সঠিক হিসাব পাওয়া যাবে। এর ফলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ইতিবাচক প্রভাব পড়বে।’
তিনি আরো বলেন, ‘একটি প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ হয়তো খুব বেশি নয়। কিন্তু পুরো খাতের সব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন একসঙ্গে হিসাব করলে এর পরিমাণ অনেক বড় হয়ে দাঁড়ায়।’ এদিকে, ২৯টি রেস্তোরাঁর বিক্রির হিসাবে অসংগতি পেয়েছে ভ্যাট প্রশাসন। দেখা গেছে, খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মগুলোর হিসাবে এসব রেস্তোরাঁর বিক্রির পরিমাণ তাদের ভ্যাট রিটার্নে দেখানো বিক্রির চেয়ে বেশি।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রির তথ্যের সঙ্গে বাছাই করা রেস্তোরাঁগুলোর ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট রিটার্নের তথ্য মিলিয়ে দেখে। এতে দেখা যায়, বেশ কয়েকটি রেস্তোরাঁ তাদের প্রকৃত বিক্রির তুলনায় অনেক কম বিক্রি দেখিয়েছে। খাবার সরবরাহকারী তিনটি প্ল্যাটফর্মের হিসাবে তাদের বিক্রির পরিমাণ ছিল অনেক বেশি।

