আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমানে ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘নির্বাচনে যদি অনিয়ম এবং কারচুপি করা হয়, তবেই তারা (জামায়াতে ইসলামী) ক্ষমতায় আসতে পারে। না হলে সম্ভাবনা কম। তাদের ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ, সেটাও আবার অন্যান্য রাজনৈতিক শক্তির সহায়তায়।’

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাবেক সচিব বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কিনা, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।’

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা, এবং এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই বাংলা (পশ্চিমবঙ্গ) উন্নয়নের পথে এগিয়ে যাক।’

Share.
Leave A Reply

Exit mobile version