তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, কারখানায় রাসায়নিক পদার্থ মেশানোর সময় ঘর্ষণের কারণেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

পুলিশ জানায়, কাট্টানারপত্তি এলাকার ওই কারখানায় নিয়মিত উৎপাদনকাজে প্রায় ৩০ জন শ্রমিক নিয়োজিত ছিলেন। কাজ চলাকালেই হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে শিবকাশী, সাত্তুর ও বিরুধুনগরসহ আশপাশের বিভিন্ন শহর থেকে দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে এবং কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তাবিধি মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘তামিলনাড়ুর বিরুধুনগর জেলার এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

Share.
Leave A Reply

Exit mobile version