দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও অভিনয়-দক্ষতার স্বীকৃতি পেলেন। কলকাতায় জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অসাধারণ অভিনয়ের জন্য এই সম্মাননা দেওয়া হয় তাকে।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া আহসান বলেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি গর্বিত। জি২৪ ঘণ্টার ‘বিনোদনের সেরা ২৪’ মঞ্চে এই সম্মান পাওয়া সত্যিই আনন্দের ও আবেগের।’

তার এই সাফল্যে ভক্তদের মধ্যে অভিনন্দনের জোয়ার বইছে। একই সঙ্গে কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৪–৩৫ সালে। প্রায় ৯০ বছর পর সেই সাহিত্যকর্ম বড় পর্দায় রূপ পেয়েছে। গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে আরও অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, ধৃতিমান চ্যাটার্জি ও অনন্যা চ্যাটার্জি।

Share.
Leave A Reply

Exit mobile version