ব্রাজিলের রিও ডি জেনিরোর পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

রোববার (১৪ জুন) সকালে মাঝ-আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের পর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, দুর্ঘটনার শিকার যাত্রীদের তালিকায় জনপ্রিয় মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রির নাম রয়েছে। গত ৪ জুন আর্জেন্টিনায় পারফর্ম করার পর শনিবার (১৩ জুন) তাকে ব্রাজিলের একটি স্থানীয় এলাকায় ফুটবল খেলতে দেখা গিয়েছিল।

তবে লাশগুলো এখনো পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় আরো প্রাণ হারিয়েছেন আর্জেন্টিনার ২৩ বছর বয়সী জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর গ্যাসপার প্রিম দিয়াজ, যিনি ‘গ্যাসপি’ নামে পরিচিত।

ইউটিউবে ২৮ লক্ষাধিক ফলোয়ার থাকা এই তারকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল ‘ব্লেন্ডার’।

স্থানীয় সামরিক দমকল বিভাগ জানিয়েছে, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি বিক্রয় কেন্দ্রের পার্কিং লটে আছড়ে পড়ে। সেখানে থাকা বেশ কয়েকটি বৈদ্যুতিক গাড়িতে দ্রুত আগুন ধরে গেলে দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শী ফার্নান্দেস ডি ফ্রেইতাস জানান, আকাশে সংঘর্ষের পরই একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং মাটিতে আছড়ে পড়ার আগেই একজন যাত্রীকে বিমান থেকে লাফিয়ে পড়তে দেখা যায়।

এই সংঘর্ষের প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

Exit mobile version