আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমেছে। এ সংকোচন ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ঘোষণার পর, যেখানে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার কথা জানিয়েছেন।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) তেলের দামও ১৩ ডলার বা প্রায় ১৩.৫ শতাংশ কমে সেশন লো ৮৫.২৮ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালিটি তারা প্রায় বন্ধ রেখেছিল। এর ফলে যুদ্ধের শুরুতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি বৃদ্ধি পায় এবং কখনও কখনও আগের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বেড়ে যায়।

এর আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, “মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পূর্ণ সমাধানের লক্ষ্যে গত দুই দিনে ইরানের সঙ্গে ‘গভীর, বিস্তারিত ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, আলোচনার ইতিবাচক অগ্রগতির ভিত্তিতে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর মার্কিন সামরিক হামলা আগামী ৫ দিনের জন্য স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং এর সফলতার ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version