প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সারের কোনো ঘাটতি নেই; কেউ যদি অবৈধভাবে সার মজুত করে, সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সারের কোনো ঘাটতি নেই। অর্থাৎ সারের জোগানে কোনো সংকট নেই। কেউ যদি অবৈধভাবে সার মজুত করে, সেক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে সরকার।
তিনি বলেন, সরকার এমন এক রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে সব সমস্যার সমাধান হবে সংসদে। অন্য কোথাও নয়।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচির বিষয়ে মাহদী আমিন বলেন, বিরোধী দলের লংমার্চ কর্মসূচি দ্বিচারিতার শামিল। তাদের যে দাবিগুলো আছে, সেগুলো সরকারেরও অগ্রাধিকার।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাজপথে না গিয়ে আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসুন। পরামর্শ দিন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রথাগত পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার কাঠামো ভেঙে জবাবদিহিতা ও স্বচ্ছতার যে পথ বেছে নিয়েছেন, তা দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও প্রশংসিত হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দীর্ঘদিন পর বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য স্থিতিশীল দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে।


