মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও বড়পর্দায় নিয়মিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। নতুন সিনেমার শুটিংয়ে ফেরার আগে নিজের ফিটনেস নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নিয়মিত শরীরচর্চা ও বিশেষ ডায়েটের পাশাপাশি কন্যা শারলিন খানের যত্নও নিচ্ছেন এই অভিনেত্রী।
কন্যার জন্মের পর কিছুটা আড়ালে ছিলেন বুবলী। জনসম্মুখে খুব বেশি দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। বিভিন্ন ফটোশুট, ব্যক্তিগত মুহূর্ত ও পছন্দের বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেছেন। তবে এখন তাঁর মূল মনোযোগ অভিনয়ে ফেরার প্রস্তুতিতে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হওয়ার পরই শুটিংয়ে অংশ নেবেন বুবলী। আগামী মাসে জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে তাঁর বড়পর্দায় ফেরার কথা রয়েছে।
পুরান ঢাকার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। নতুন এই সিনেমার মধ্য দিয়েই দীর্ঘ বিরতির পর দর্শকদের সামনে ফিরতে চান অভিনেত্রী।
বুবলীর আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘শাপলা শালুক’ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এ ছাড়া ‘কয়লা’ সিনেমার শুটিংও ইতিমধ্যে শেষ করেছেন তিনি।
অভিনয়ে ফেরার প্রস্তুতি নিয়ে বুবলী জানিয়েছেন, লাইট-ক্যামেরা-অ্যাকশনের পরিচিত পরিবেশ তিনি খুব মিস করছেন। দর্শকদের জন্য ভালো কিছু কাজ নিয়ে নতুনভাবে ফিরতে চান তিনি।
এর মধ্যেই অভিনয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি নিউইয়র্কে বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তিনি। এই সম্মাননায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন অভিনেত্রী।


