প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো পদ্মা সেতু অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে তিনি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা অতিক্রম করে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা করেন।
মাওয়া প্রান্তের পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোট ১১টি গাড়ি ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্লিপ নোটের মাধ্যমে গাড়িবহরের টোল পরিশোধ করা হয়। টোল প্লাজা অতিক্রমের সময় দায়িত্বে ছিলেন নারী টোল আদায়কারী বৃষ্টি। এ সময় টোল প্লাজার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। টোল প্লাজা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে অবস্থান নেন।
সফরকে কেন্দ্র করে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে নেয়া হয় বিশেষ ব্যবস্থা।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। সভায় উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার বরিশালে প্রথম সফর। সফর শেষে তিনি সড়কপথেই ঢাকায় ফিরবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

