দেশের বাইরে নিজের প্রথম টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম ম্যাচে সুযোগ পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। তবে শুক্রবার লাহোর কালান্দার্সের তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে নেমে দেখালেন নিজের সামর্থ্য।

মুলতান সুলতান্সের বিপক্ষে মাত্র ১৯ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ইমন। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নাঈমকে সঙ্গে নিয়ে মাত্র ৫.১ ওভারে ৮৬ রানের বিধ্বংসী জুটি গড়ে তোলেন এই দুই ওপেনার।

ম্যাচ শেষে নিজের ইনিংসের রহস্য জানাতে গিয়ে ইমন বলেন, নির্ভার মানসিকতা নিয়েই ব্যাট করেছেন তারা। কন্ডিশন ভালো ছিল, তাই বলের মেরিট অনুযায়ী খেলেছেন। পাশাপাশি শুরু থেকেই নাঈম আক্রমণাত্মক ব্যাটিং করে দলের জন্য টোন সেট করে দেন। সেই ছন্দ ধরেই খেলেছেন ইমন।

ইমন বলেন, “আমরা শুধু বল দেখে শট খেলার চেষ্টা করেছি। ওপেনিংয়ে কোনো চাপ অনুভব করিনি। ফ্রি মাইন্ডে খেলেছি। আমরা আমাদের স্বাভাবিক ক্রিকেট খেলেছি। ইনশা-আল্লাহ জিততে পারব।”

মুলতানের বোলিং আক্রমণকে মোটেও সহজভাবে নেওয়ার সুযোগ ছিল না। আগের দুই ম্যাচের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের বোলারদের। তবে ইমন-নাঈমের দুর্দান্ত সূচনার পর আব্দুল্লাহ শফিক ও সিকান্দার রাজার ঝোড়ো ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লাহোর কালান্দার্স।

জবাবে মুলতান সুলতান্স লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের ইনিংস থেমে যায় ১৬৫ রানে।

বল হাতেও লাহোরকে পথ দেখিয়েছেন বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে কিছুটা খরুচে হলেও ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন তিনি।

এই জয়ে ৩ ম্যাচে দ্বিতীয়বারের মতো জয় তুলে নিল লাহোর কালান্দার্স।

Share.
Leave A Reply

Exit mobile version