দীর্ঘ সময় পর আবারও টেস্ট ক্রিকেটের আবহে ফিরছে বাংলাদেশ দল। সাদা বলের ব্যস্ততা পেছনে ফেলে এবার লাল বলের চ্যালেঞ্জে নামতে প্রস্তুত টাইগাররা। বছরের প্রথম টেস্ট সিরিজে প্রতিপক্ষ পাকিস্তান, আর সেই লড়াইকে সামনে রেখে নতুন লক্ষ্য আর আত্মবিশ্বাসের কথা শোনালেন প্রধান কোচ ফিল সিমন্স।

প্রথম টেস্টের আগে বুধবার সংবাদ সম্মেলনে এসে সিমন্স জানালেন, অতীতের সাফল্যে ভর করে বসে থাকতে চান না তারা। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের স্মৃতি থাকলেও সেটিকে পিছনে ফেলে নতুন করে ইতিহাস গড়ার প্রত্যয় তার কণ্ঠে স্পষ্ট। তিনি বলেন, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা অতীত। সেটা গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই।’

দলের তরুণ পেসার নাহিদ রানাকে নিয়েও আশাবাদী প্রধান কোচ। সিমন্সের মতে, নাহিদের সবচেয়ে বড় শক্তি তার খেলার বোধ ও আত্মজ্ঞান। তিনি বলেন, ‘নাহিদ রানার সব থেকে ভালো ব্যাপার হলো তার বুঝার সক্ষমতা। সে জানে সে কোথায় আছে এবং তার কী কাজ।’

এদিকে দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়েও প্রশংসা ঝরেছে কোচের কণ্ঠে। দেশের হয়ে শততম টেস্ট খেলা এই উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে সিমন্স বলেন, ‘মুশফিককে আমি অল্প সময় ধরে চিনি, তবে এই সময়েই বুঝেছি—তার কাছে এটি ১ নম্বর টেস্ট হোক, ৫০তম হোক বা ১০০তম—সবই সমান। সে যেভাবে প্রস্তুতি নেয়, তাতে বোঝা যায় প্রতিটি ম্যাচই তার কাছে গুরুত্বপূর্ণ।’

সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে ফেরার প্রসঙ্গেও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সিমন্স। তার মতে, টেস্ট ক্রিকেটে মানিয়ে নেওয়াটা মূলত মানসিকতার বিষয়। তবে দলের অনেক ক্রিকেটারই গত কয়েক মাস ধরে লাল বলের প্রস্তুতিতে ছিল, তাই ফরম্যাট পরিবর্তনটা খুব কঠিন হবে না বলেই মনে করেন তিনি।

সব মিলিয়ে, নতুন সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল—অতীতের গৌরব নয়, বরং নতুন ইতিহাস লেখার লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত টাইগাররা।

Share.
Leave A Reply

Exit mobile version