ব্রাজিল ফুটবলের তারকা নেইমার আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি। অভিযোগ উঠেছে, বিলাসবহুল ম্যানশনে তাকে অমানবিক পরিবেশে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হয়েছিল।

ব্রাজিলের সংবাদমাধ্যম মেট্রোপোলিস আদালতের নথি উদ্ধৃত করে জানিয়েছে, নেইমারের মাঙ্গারাতিবা এলাকার বিলাসবহুল ম্যানশনে কাজ করার সময় ওই নারী কর্মীকে অত্যন্ত কঠোর ও অস্বাস্থ্যকর পরিবেশে দায়িত্ব পালন করতে হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, তিনি শুধু নেইমারের জন্যই নয়, বরং তার সঙ্গে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্য নিয়মিত রান্না করতেন। এত বিপুল সংখ্যক মানুষের জন্য খাবার প্রস্তুত করতে গিয়ে তাকে প্রায়ই টানা ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়েছে।

চুক্তি অনুযায়ী তার কাজের সময় নির্ধারিত ছিল সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে অভিযোগ অনুযায়ী, বাস্তবে তাকে প্রায়ই রাত ১১টা বা ১২টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করতে বলা হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়।

দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং সুপারমার্কেট থেকে ১০ কেজি পর্যন্ত মাংস ও অন্যান্য ভারী বাজার বহনের কারণে ওই নারী বর্তমানে পিঠের ব্যথা ও হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

বকেয়া বেতন, ওভারটাইম, চিকিৎসা ব্যয় এবং অন্যান্য পাওনা মিলিয়ে তিনি নেইমারের কাছে প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল ক্ষতিপূরণ দাবি করেছেন। আদালতের নথিতে আরও বলা হয়েছে, অনেক সময় তিনি দুপুরের খাবার খাওয়ার সুযোগও পাননি। শ্রম আইনের নিয়ম অনুযায়ী যে বিরতি পাওয়ার কথা, তাও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

ব্রাজিলের রিও ডি জেনিরোর শ্রম আদালত-এ মামলাটি দায়ের করা হয়েছে। বর্তমানে সান্তোস এফসি-তে খেলছেন নেইমার। তবে এ অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version