নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১২৭তম নজরুল জয়ন্তী। এ উপলক্ষে সোমবার (২৫ মে) বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ক্যাম্পাসের ‘নজরুল ভাস্কর্যে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এবং নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার বাতিঘর। তাঁর জীবন ও আদর্শ ধারণ করতে পারলে বিশ্ববিদ্যালয়, সমাজ ও দেশ আরও সুশৃঙ্খল হবে।”
তিনি আরও বলেন, সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে আরও জাঁকজমকপূর্ণভাবে নজরুল জয়ন্তী উদযাপন করা হবে। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় এবারের আয়োজন সংক্ষিপ্ত পরিসরে হলেও পরবর্তীতে বৃহত্তর পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “ত্রিশালে এবার জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে। ভবিষ্যতে ত্রিশালকে নজরুল স্মৃতিবিজড়িত অঞ্চল হিসেবে গড়ে তুলতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা এবং নজরুল গবেষক আব্দুল হাই শিকদার।এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে আগামী ২৪ ও ২৫ জুন বৃহত্তর পরিসরে নজরুল জয়ন্তীর মূল আয়োজন অনুষ্ঠিত হবে।


