দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলো। রানীগঞ্জ বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলটি উঠলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়, এসময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। একই সঙ্গে ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


