কানাডার টরন্টোতে বার্ষিক ল্যাটিন উৎসব চলাকালে এক বন্দুকধারীর হামলায় দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। শনিবার পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিটিভি নিউজের তথ্যমতে, টরন্টোর মিডটাউনে বার্ষিক ল্যাটিন উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালীন এই গুলির ঘটনা ঘটে।
তদন্ত ও পরিস্থিতি মোকাবিলার কাজ চলমান থাকায় কর্তৃপক্ষ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং পুলিশের সমস্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স-এ একটি পোস্টে বলেছেন, তিনি এই গুলির ঘটনায় ‘ভীষণ মর্মাহত’ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের ধরতে পুলিশের প্রচেষ্টায় তার পূর্ণ সমর্থন রয়েছে।
তিনি বলেন, ‘যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, যারা গুরুতর অবস্থায় আছেন এবং এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমার প্রার্থনা রইল।’
টরন্টো পুলিশের একজন মুখপাত্র এক্স-এ বিভাগের অফিসিয়াল ফিডে পোস্ট করা তথ্যের বাইরে অতিরিক্ত কোনো বিবরণ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আরও তথ্য পাওয়া গেলে আপডেট জানানো হবে। সন্দেহভাজন, উদ্দেশ্য বা গ্রেপ্তার সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু প্রকাশ করা হয়নি।
সূত্র: রয়টার্স


