বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে–এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর মাধ্যমে আবারও দেশে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তারা আসলে ভিন্নভাবে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মহান মে দিবস সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, একটি পক্ষ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তারা বিএনপিকে সরিয়ে আবার ফ্যাসিস্ট সরকার আনতে চায়। ছাত্র রাজনীতিতে যারা উশৃঙ্খল আচরণ চালু করেছে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে।
মির্জা ফখরুল বলেন, একটি পক্ষ বিএনপিকে রাজনীতি থেকে দুরে সরাতে চেয়েছে। জামায়াতের আমির বলেছেন আমরা নাকি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছি। আমি তার বক্তব্যের নিন্দা ও প্রত্যাখ্যান করছি। কারণ এই নির্বাচন যে সুষ্ঠু হয়েছে তা দেশ-বিদেশে স্বীকৃত। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তারা আবার একটি ফ্যাসিস্ট সরকার আনতে চায় কি না তা দেখতে হবে।


