জন্মদিনের কেক কেটে দিন শুরু, আর ব্যাট হাতে রেকর্ড গড়ে দিনটাকে স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে হাফসেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটির পাশাপাশি দেশের হয়ে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার রেকর্ড এখন এককভাবে তার দখলে। পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলছে মিরপুরে। ম্যাচ শুরুর আগে টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪১টি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ড ছিল যৌথভাবে তামিম ও মুশফিকের। শনিবার দ্বিতীয় দিনের খেলায় ফিফটি পূর্ণ করেই সেই রেকর্ডে একক মালিকানা প্রতিষ্ঠা করেন ‘মিস্টার ডিফেন্ডেবল’ খ্যাত মুশফিক।
দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই সতীর্থদের সঙ্গে ৩৯তম জন্মদিনের কেক কাটেন তিনি। এরপর ব্যাট হাতে নেমে নিজের বিশেষ দিনটিকে আরও রাঙিয়ে তোলেন। প্রথম দিনের খেলা শেষে ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিক দিনের চতুর্থ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন।
অন্যদিকে, ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। আফ্রিদির এক ওভারে টানা তিনটি চার হাঁকিয়ে আক্রমণাত্মক ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত মোহাম্মদ আব্বাসর বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬৭ বলে ৩৩ রান করেন লিটন।
এরপর দ্রুত বিদায় নেন মেহেদি হাসান মিরাজও। একটি চার ও একটি ছক্কায় ১০ রান করা মিরাজও আব্বাসের শিকার হন। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ দৃঢ়তায় এগিয়ে যেতে থাকেন মুশফিক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ১৬৩ বলে ৮টি চারের সাহায্যে ৬৮ রানে অপরাজিত আছেন। সঙ্গে আছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৬৩ রান।
এর আগে প্রথম দিনে দারুণ ব্যাটিং করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রেকর্ড গড়া ১০১ রান করে ফিরলেও হতাশায় পুড়তে হয় মুমিনুল হককে, যিনি ৯১ রানে আউট হন।
সব মিলিয়ে টেস্টের সর্বশেষ তিন ইনিংসেই অন্তত ফিফটির দেখা পেলেন মুশফিক। গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে করেছিলেন ৫৩* ও ১০৬ রান। এবার জন্মদিনের ম্যাচেও তার ব্যাটে বড় ইনিংসের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেটভক্তরা।

