মার্চের শেষদিকে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ সামনে রেখে বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কারণ চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই মিডফিল্ডার। গুরুতর চোটের কারণে স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়। তাকে মাঠ ছাড়তে দেখে বোঝা যাচ্ছিল, আঘাতটি বেশ গুরুতর। ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব দ্রুত হামজাকে ফেরার সম্ভাবনা দেখছেন না। তার হাঁটুতে স্ক্যান করানো হবে।

এদিকে, কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এমসিএল লিগামেন্টে চোট পেয়েছেন হামজা। ফলে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত। তবে আশার খবর হলো—এই চোটে অস্ত্রোপচারের প্রয়োজন নাও হতে পারে।

লেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে হামজার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার পুরো দায়িত্ব নেবে ক্লাব কর্তৃপক্ষ। একই সঙ্গে তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। জাতীয় দলের ম্যাচে তার উপস্থিতি মানেই মাঝমাঠে বাড়তি শক্তি ও আত্মবিশ্বাস। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের। এসব ম্যাচে হামজাকে পাওয়ার আশায় থাকবে বাফুফে।

যদিও বাস্তবতা হলো, এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ড থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

অন্যদিকে, ক্লাব পর্যায়েও লেস্টার সিটির অবস্থা খুব একটা ভালো নয়। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া দলটি বর্তমানে অবনমন শঙ্কায় রয়েছে। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে লেস্টারের পয়েন্ট ব্যবধান মাত্র ৬। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সময়ে হামজাকে না পাওয়াটা ক্লাবটির জন্যও বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version