নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নারী গুরুতর দগ্ধ হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ অবস্থায় মর্জিনা বেগম নামে এক নারীকে উদ্ধার করা হয়েছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ও পাশের একটি মুদিদোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ছাড়া আগুনে ১২টি ছাগল মারা গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version