এমন সমাজ চাই, যেখানে নির্ভয়ে গান গাওয়া যায় বলে জানিয়েছেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সারওয়ার আলী বলেন, এমন একটি সমাজ গড়তে হবে যেখানে মানুষ স্বাধীনভাবে গান গাইতে ও সাংস্কৃতিক চর্চা করতে পারে।
তিনি বলেন, গত এক বছরে দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে ছায়ানটের বাদ্যযন্ত্র ভাঙচুর, নালন্দা বিদ্যালয়ের শিশুদের বইপত্র নষ্ট করা এবং সংবাদপত্র কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা উল্লেখ করেন তিনি। এছাড়া উদীচী ও বাউলশিল্পীদের ওপর হামলার কথাও তুলে ধরেন তিনি।
সারওয়ার আলী ২০০১ সালের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার স্মৃতিও স্মরণ করেন এবং বলেন, সেই ঘটনা এখনো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে আছে।
তিনি বলেন, সংগীত বাঙালির জীবনের আনন্দ-বেদনা ও সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু একটি গোষ্ঠী সাংস্কৃতিক কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করছে, যা সমাজে ভয় ও অসহিষ্ণুতা বাড়াচ্ছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে অস্থিরতা ও সংঘাতের মধ্যে মানুষ আজ শান্তি ও স্থিতিশীলতা কামনা করছে। বর্ষবরণের এই দিনে সবাই বিশ্বশান্তির প্রত্যাশা করে বলেও মন্তব্য করেন তিনি।



