পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে টানা ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসাধারণের যাতায়াত সহজ ও নিরবচ্ছিন্ন রাখতে ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে হবে।
সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। এতে দূরপাল্লার যানবাহনসহ ব্যক্তিগত ও গণপরিবহনের জ্বালানি সংকট কমবে বলে মনে করা হচ্ছে।
এদিকে ঈদ উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধাসরকারি অফিসে টানা ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পোশাক কারখানাগুলোতেও ধাপে ধাপে ছুটি দেওয়া হবে। ফলে ঈদকে কেন্দ্র করে সড়কপথে যাত্রীচাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

