ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র মৃত্যুর পর দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি।
এ তথ্য প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল।
এক ভিডিও বার্তায় পাহলভি বলেন, ইরানের বর্তমান প্রশাসন পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তিনি জোর দিয়ে বলেন, আরও রক্তপাত এড়াতে অবিলম্বে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করা উচিত।
নির্বাসিত এই যুবরাজ দাবি করেন, ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্রের সম্পূর্ণ পতন চায়। তিনি সতর্ক করে বলেন, খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, খামেনির স্থলাভিষিক্ত যে-ই হোন না কেন, তিনি জনসমর্থন ও বৈধতা পাবেন না এবং ‘অপরাধে সহযোগী’ হিসেবে বিবেচিত হবেন।
সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে পাহলভি আহ্বান জানান, তারা যেন ইরানের জনগণের পাশে দাঁড়ান এবং তিনি যে ‘লায়ন অ্যান্ড সান বিপ্লব’-এর কথা উল্লেখ করেছেন, তাতে যুক্ত হন।



