ঢাকাই চলচ্চিত্রে প্রচলিত ব্যস্ততার ভিড়ে যেন একটু ব্যতিক্রমী ছন্দে হাঁটেন অর্চিতা স্পর্শিয়া। কাজের দৌড়ে নিজেকে এগিয়ে নেওয়ার চেয়ে, তিনি বরং স্বাচ্ছন্দ্য আর ব্যক্তিগত জীবনের সরলতাকেই বেশি গুরুত্ব দেন। তাই সমসাময়িকদের তুলনায় পর্দায় তার উপস্থিতি কম হলেও, সেটি তার সচেতন সিদ্ধান্ত—যার পেছনে আছে একেবারেই আলাদা জীবনদর্শন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনযাপন ও কাজের ধরণ নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। পর্দায় তাকে দেখে অনেকেই ভিন্নভাবে বিচার করলেও বাস্তবে নিজেকে তিনি অত্যন্ত অলস বলেই দাবি করেন।

নিজের কাজ এবং ব্যক্তিত্ব নিয়ে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘আমি কম কাজ করি কারণ আমি খুব আইলসা। আমি খুবই অলস। এবং আমার জীবনে যেহেতু খুব একটা ডিমান্ড নেই আমি খুবই সাধারণ মানুষ।’

জনসাধারণের মনে তারকাদের জীবন নিয়ে অনেক সময় ভুল ধারণা থাকে। সেই প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আমাকে বাইরে থেকে দেখলে অনেকে মনে করে যে আমি খুব মুডি বা খুব হাই-ফাই লাইফস্টাইল আমার, ওরকম কিছু না।’

শেষে তিনি বলেন, ‘আমি খুবই সাধারণ মানুষ, আমার জীবনযাপন খুবই সাধারণ। আমার খুব চাওয়া-পাওয়া নাই জীবনে, তো যে কারণে আমার কম কাজ করলেও চলে।’

Share.
Leave A Reply

Exit mobile version