অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা রিহানা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অবস্থিত তার বিলাসবহুল বাসভবন লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে এক দুষ্কৃতকারী নারী। ঘটনার সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

রোববার (৮ মার্চ) দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ গুলির শব্দ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে এক অজ্ঞাতনামা নারী রিহানার বাড়ির সামনে এসে দাঁড়ান। গাড়ি থেকে নেমেই তিনি বাড়ির দেয়াল ও মূল ফটক লক্ষ্য করে পরপর সাত রাউন্ড গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

হামলার পরপরই বিশেষ অভিযানে নামে পুলিশ। ঘটনার প্রায় ১২ কিলোমিটার দূরে অভিযুক্ত নারীর গাড়িটি শনাক্ত করা হয় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীর বয়স আনুমানিক ৩০ বছরের কাছাকাছি। তল্লাশির সময় তার কাছ থেকে একটি ‘অ্যাসাল্ট রাইফেল’-এর বাক্সও উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

সৌভাগ্যবশত এ ঘটনায় রিহানা বা তার পরিবারের কেউ আহত হননি। তবে এ ঘটনার পর থেকে শিল্পী ও তার ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৩৭ বছর বয়সী এই বার্বাডিয়ান গায়িকা বর্তমানে তার সঙ্গী র‍্যাপার এএসএপি রকি এবং তাদের তিন সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলেসেই বসবাস করছেন।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে রিহানা বর্তমানে বিশ্বের অন্যতম ধনী নারী সংগীতশিল্পী। তার প্রতিষ্ঠিত ‘ফেন্টি বিউটি’ ব্র্যান্ড বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত বছর তৃতীয় সন্তানের মা হয়ে আবারও শিরোনামে আসেন তিনি। সাম্প্রতিক এই হামলার পেছনের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version