পশ্চিমবঙ্গে গরু জবাই ও গোহত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশিদের ফেরত পাঠানো এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।

সভায় গরু সুরক্ষার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে বিজেপির এই নেতা বলেন, গোমাতার নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার। গরুর ওপর আঘাত করা বা এর কোনো ধরনের ক্ষতি করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, গোমাতার ক্ষতি করা কোনোভাবেই উচিত নয়। কেউ এমন কাজ করলে তাঁর চেয়ে কঠোর অবস্থান আর কেউ নেবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সীমান্ত এলাকার নিরাপত্তা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ মাদরাসা পরিচালনা করতে দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version