সোনালী আভায় মোড়ানো রাজকীয় সাজ, নিখুঁত অলঙ্কারের ঔজ্জ্বল্য আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি—নতুন ফটোশুটে যেন অন্য এক অপু বিশ্বাস। একগুচ্ছ নান্দনিক ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কাড়লেন ঢালিউডের এই জনপ্রিয় চিত্রনায়িকা। তার নতুন এই লুক ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন অপু বিশ্বাস। রূপালী পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সময়ে সময়েই নতুন নতুন লুক ও গ্ল্যামারাস উপস্থিতিতে অনুরাগীদের চমকে দেন এই অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ রাজকীয় ও আকর্ষণীয় ছবি শেয়ার করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন অপু বিশ্বাস। সোনালী রঙের মেটালিক শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী অলঙ্কারের নিখুঁত মেলবন্ধনে তোলা ছবিগুলোতে তাকে দেখা গেছে যেন এক রাজকীয় আবহে।

ছবিগুলোতে নিজেকে জাঁকজমকপূর্ণ লুকে উপস্থাপন করার পাশাপাশি এই রূপের নেপথ্যের কারিগরদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ছবির ক্যাপশনে নিজের স্টাইলিস্ট মাহফুজ কাদরীর প্রশংসা করে অপু লিখেছেন, ‘আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।’

নিজের এই রূপান্তরের অনুভূতিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঢালিউডের এই তারকা। ক্যাপশনে তিনি আরও লেখেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।’

প্রকাশিত ছবিগুলোতে অপু বিশ্বাসের আত্মবিশ্বাসী ভঙ্গি, অভিব্যক্তি এবং রাজকীয় স্টাইল মুগ্ধ করেছে ভক্তদের। কমেন্ট বক্সজুড়ে নেটিজেনরা তার সৌন্দর্য, ফ্যাশন সেন্স ও নান্দনিক উপস্থাপনার ভূয়সী প্রশংসা করছেন।

Share.
Leave A Reply

Exit mobile version