প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি নিজেই জানিয়েছেন, গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।
সিদ্দিকুর রহমান জানান, বর্তমানে তার বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। প্রায় ১০ মাস কারাবাসের পর মুক্তির অনুভূতি তার কাছে সম্পূর্ণ ভিন্ন ও গভীর—যা ভাষায় প্রকাশ করা কঠিন। এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা তার জীবনে নতুন এক উপলব্ধির জন্ম দিয়েছে।
মুক্তির পর তিনি কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। দীর্ঘদিন ভিন্ন পরিবেশে থাকার পর হঠাৎ স্বাভাবিক জীবনে ফিরে আসায় নিজেকে গুছিয়ে নিতে সময় প্রয়োজন হয়েছিল। তাই ব্যক্তিগতভাবে সময় কাটানোর উদ্দেশ্যে এতদিন বিষয়টি প্রকাশ করেননি বলেও জানান তিনি।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানাধীন এলাকায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম গত বছরের ১২ আগস্ট তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচারকর্মী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।


