ভয়নক হয়ে ওঠা হাম এবং এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।

অর্থাৎ, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫১২ জন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৩২ জন হাম রোগী শনাক্ত হয়েছে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরে হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে সারাদেশে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

হাম বিষয়ক প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে, তার বাড়ি বরিশালে। বাকি ১২ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ঢাকায় চারজন, চট্টগ্রামে দুজন, সিলেটে চারজন, বরিশালে একজন এবং ময়মনসিংহে একজন শিশু রয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে মারা গেছে ৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। এসময় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ জন শিশু।

Share.
Leave A Reply

Exit mobile version