মঞ্চজুড়ে ছিল আলো, ক্যামেরা আর তারকাদের ঝলক। তবে সবকিছুকে ছাপিয়ে সবার নজর কাড়লেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। হালকা গোলাপি রঙের রাজকীয় এক গাউনে হাজির হয়ে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করলেন তিনি। আর সেই লুকের ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পর মুহূর্তেই মুগ্ধতা ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে।
শুধু অভিনয় নয়, নিজের রূপ-ফ্যাশন সেন্স দিয়েও দর্শক-ভক্তদের মন জয় করে এসেছেন ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে নানান রূপে মেলে ধরেন এই তারকা। এবারও তার ব্যতিক্রম ঘটল না। হালকা গোলাপী রঙের একটি নজরকাড়া গাউনে ধরা দিলেন তিনি। এর মাধ্যমে ভক্তদের ফের নজর কাড়লেন এই নায়িকা।
সোমবার নিজের ফেসবুক পেজে একটি ফ্যাশন শুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই লাস্যময়ী মডেল-অভিনেত্রী। মূলত সদ্য আয়োজিত লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই নজরকাড়া এই গোলাপি গাউনে দেখা যায় তাকে। পরে সেই আয়োজনের ছবিগুলোই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মিম।
প্রকাশ করা ছবিতে দেখা যায়, মিমের পরনে থাকা অফ-শোল্ডার গাউনের পেছনে ছিল দীর্ঘ ট্রেইল। গলায় ঝলমলে পাথরের নেকলেস, হাতে স্বচ্ছ গ্লাভস এবং পরিপাটি করে বাঁধা চুলে তিনি যেন ছড়িয়ে দিচ্ছিলেন রাজকীয় আবহ। তার অভিব্যক্তি আর ভিন্ন ভিন্ন ভঙ্গির পোজ পুরো লুকটিকে দিয়েছে আরও অনন্য মাত্রা।
ছবির ক্যাপশনে ইংরেজিতে মিম লেখেন, ‘গ্রেস, চার্ম, অ্যান্ড আ টাচ অব রয়্যালটি’ যার বাংলা অর্থ, ‘লাবণ্য, আকর্ষণ এবং রাজকীয়তার এক অপূর্ব ছোঁয়া’। ক্যাপশনটির সঙ্গে তার সাজ ও উপস্থিতির মিল খুঁজে পেয়েছেন ভক্তরাও।
ছবিগুলো প্রকাশের পরপরই নেট দুনিয়ায় ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে ভক্তরা মিমের রূপ ও আভিজাত্যের প্রশংসায় ভাসান তাকে। কেউ লিখেছেন, ‘রাজকন্যার মতো লাগছে’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘এমন সৌন্দর্য শুধু মিমের পক্ষেই সম্ভব।’
লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট জয়ের মধ্য দিয়েই শোবিজে যাত্রা শুরু করেছিলেন বিদ্যা সিনহা মিম। দীর্ঘ সময় ধরে অভিনয়, মডেলিং এবং বিজ্ঞাপনে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। মজার বিষয় হলো, যে প্ল্যাটফর্ম থেকে তার উত্থান, সেই লাক্স সুপারস্টারের এবারের আয়োজনেই তিনি ছিলেন জুরি বোর্ডের সদস্য। গালা ডে-তে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও নিয়মিত কাজ করছেন মিম। ব্যস্ততার মাঝেও দেশের বাইরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, আর সামাজিক মাধ্যমে নিজের মুহূর্তগুলো ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। আর মাঝেমধ্যেই এমন মোহময়ী ও নজরকাড়া লুকে ধরা দিয়ে নতুন করে আলোচনায় চলে আসেন এই তারকা।


