আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দেশে মানবাধিকার লঙ্ঘনের অতীত অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, অনেক রাজনৈতিক কর্মী ও পরিবার দীর্ঘ সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৪২ দিনে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬ উত্থাপনকালে কুমিল্লা-৪ আসনের এনসিপি’র সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ’র আপত্তির জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারত, কিন্তু আমরা সেই পথে হাঁটিনি। আমরা চাই না আর কোনো মা তার সন্তানকে ক্রসফায়ারের নামে হারান কিংবা গুমের শিকার হন।’

তিনি বলেন, দেশে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্রসফায়ার ও গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর অবস্থান নিয়েছে।

তিনি বলেন, মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা প্রয়োজন হওয়ায় আপাতত ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন পুনর্বহাল করা হয়েছে, যাতে দেশে মানবাধিকার কমিশনের কার্যক্রমে কোনো শূন্যতা না থাকে।

Share.
Leave A Reply

Exit mobile version