ভারী বৃষ্টিতে রাজধানীর বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার নিচু সড়কে পানি জমেছে। এতে ওইসব এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। রোববার বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এতে জানানো হয়, এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।

বার্তায় আরও জানানো হয়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।

সকল মোটরযান চালক ও পথচারীদের প্রতি অনুরোধ জানিয়ে পুলিশের বার্তায় বলা হয়েছে, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করুন। জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিকল্প সড়ক ব্যবহার করা সম্ভব হলে তা অনুসরণ করুন। ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন এবং ধৈর্য ধারণ করুন।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

Share.
Leave A Reply

Exit mobile version