শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শিক্ষার উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতিসংঘের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষাসহ বাংলাদেশের বিভিন্ন খাতে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া, শিক্ষার উন্নয়নে জাতিসংঘের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

ড. মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি)-এর ওপর গুরুত্ব দিচ্ছি।

এ সময় বাংলাদেশের শিক্ষার সংস্কারে যেসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, সেগুলোতে সহযোগিতার জন্য জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির প্রতি আহ্বান জানান মন্ত্রী।

আইরিন খান দেশের শিক্ষার উন্নয়নে তথ্য-প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। এ দেশের শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশে সাফল্যের সঙ্গে এই সেক্টরে কাজ করছে।

Share.
Leave A Reply

Exit mobile version