স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করছে।

তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ি জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এ জন্য যা যা করার প্রয়োজন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাব।

আজ রোববার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতি এবং সরঞ্জাম অযথা নষ্ট হওয়ার বিষয়টিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা দেখা গেছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন।

আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সহজভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে জন্মহার কমানোর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ সময়ে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে তাৎক্ষণিক বদলি করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যডাভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version